অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যেভাবে উদ্ধার করা হলো সোহেল তাজের ভাগ্নে সৌরভকে

যেভাবে উদ্ধার করা হলো সোহেল তাজের ভাগ্নে সৌরভকে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বৃহস্পতিবার ভোর ৫টা ২০। চট্টগ্রাম অ্যান্টি টেরোরিজম ইউনিট এর ডিসির হঠাৎই ফোন আসে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের মুঠোফোনে। খবর আসে ময়মনসিংহের তারাকান্দার একটি রাইস মিলে অবস্থান করছেন সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভ।

পরে পুলিশ সুপার নিজেই জেলা গোয়েন্দা পুলিশ নিয়ে ছুটে যান তারাকান্দা উপজেলায়। সেখানকার বটতলা এলাকার জামিল অটো রাইস মিলের ভেতরে সন্ধান মেলে সৌরভের। তখন ঘড়ির কাঁটায় সকাল ৬টা ছুঁই ছুঁই। এরপরই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় পুলিশ সুপারের বাসভবনে। পরে সকাল সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমের সাথে মাইক্রোসবাস করে ঢাকায় পাঠানো হয় সৌরভকে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান এসপি শাহ আবিদ হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়ীতা শিল্পী, ডিবি পুলিশের ওসি শাহ কামাল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি জানান, সমীর নামের অটোরাইস মিলের এক ব্যবস্থাপকের মুঠোফোন থেকে সৌরভ প্রথমেই তার পরিবারের কাছে ফোন দিয়ে নিজের অবস্থান জানান। এরপর পরিবার চট্টগ্রাম অ্যান্টি টেরোরিজমকে জানায়। সেখান থেকেই আমাকে ফোন দিয়ে জানানো হয় সৌরভ সম্পর্কে। সেখানে গিয়ে আমরা দেখতে পাই সৌরভ একটি চেয়ারে বসে আছে। পরে রাইস মিল থেকে আমার বাসভবনে নিয়ে আসি।

সৌরভের শারীরিক অবস্থা কেমন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসপি আরও জানান, আমরা বাহ্যিকভাবে কোনো সমস্যা পাইনি। তিনি সুস্থ আছেন। সকালের নাস্তা করিয়ে তাকে বনানীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে নিখোঁজ ১১ দিন তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন এ বিষয়ে পুলিশ সুপার বলেন, তিনি  (সৌরভ) শুধু বলেছেন, আমাকে এতদিন আটকে রাখা হয়েছে। এর বেশি কিছু বলতে পারেনি।

পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে একটি গাড়ি থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নেকে দুর্বৃত্তরা ফেলে দেয়। পরে তিনি আশ্রয় নেন ওই রাইস মিলে।

সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

এদিকে, সকালে অপহরণের শিকার ভাগ্নে ইফতেখার আলম সৌরভকে পাওয়া গেছে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

About the author

SOFT PRO IT