নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সাজা শেষে ১৯ হাজার ২৩৪ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। চলতি বছরের ৭ আগস্ট রবিবার পর্যন্ত তাদের পাঠানো হয়েছে। ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে ১ হাজার ৩৩৪ জন বাংলাদেশি রয়েছে। তবে সবচেয়ে বেশি ২ হাজার ২০০ জন মিয়ানমার, ১ হাজার ৫০০ জন ভিয়েতনাম ও ১ হাজার ২০০ জন থাইল্যান্ডের নাগরিক। এছাড়া এই সময়ের মধ্যে ১৩ হাজার বিভিন্ন দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
৭ আগস্ট রবিবার স্থানীয় এক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ। তিনি বলেন, প্রত্যাবাসন চুক্তির নথি সম্পূর্ণ করার জন্য এখনো ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক রয়েছেন।
এছাড়া আরও ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসীকে খুব শিগগিরই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বন্দি শিবিরে আটক রয়েছে তারা। ফেরত পাঠাতে নথিপত্র প্রস্তুত করা হচ্ছে।
খাইরুল জাইমি জানান, কোনো বিদেশী নাগরিক যদি মালয়েশিয়ায় প্রবেশ করতে চায় তাহলে তাদের সঙ্গে অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে। অন্যথায় তাদের অভিবাসন নীতিমালা ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে আটক করা হবে।
এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো বিদেশি নাগরিক অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থান করে অভিবাসন নীতিমালা অনুযায়ী সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। নীতিমালার অনুচ্ছেদ ৩৯(বি) অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। বর্তমানে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ৩৪টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রযোজ্য।



