নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে শিক্ষার মানোন্নয়নের বিস্তর পরিবর্তন ঘটাতে প্রস্তুতির প্রায় শেষ পর্যায় রয়েছে নারায়ণগঞ্জ কলেজের নতুন ভবনের নির্মাণকাজ। ভবনটির অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। উদ্বোধনের জন্য সম্পূর্নরূপে প্রস্তুত হতে এখন শুধুমাত্র বাকী উঠা নামার জন্য লিফট, শ্রেণী কক্ষে শীততাপ নিয়ন্ত্রনে এসি ও প্রয়োজনীয় আসবাবপত্র স্থাপন কাজ। এসব কাজ সম্পন্ন করে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই নতুন ভবনটির উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ আগস্ট বুধবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের মাসিক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সেই সাথে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ অবশ্যই সম্পন্ন করতে তাগিদ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
সেই সাথে নতুন এই ভবনকে কেন্দ্র করে সর্বপ্রথম নারায়ণগঞ্জ কলেজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনার বিবিএ, হোটেল ট্যূরিজম এন্ড ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইনিং, নীট ওয়্যার ম্যানুফেচারিং এন্ড টেকনোলজি ও থিয়েটার এন্ড মিডিয়া বিষয়ের উপর নতুন প্রোফেশনাল কোর্স চালু করা হবে। উক্ত কোর্স এবং বিষয়ের উপর মানসম্মত পাঠদান নিশ্চিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের নারায়ণগঞ্জ কলেজে অতিথি শিক্ষক হিসেবে এনে পাঠদানের ব্যবস্থা করা হবে। ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে এডহক কমিটির মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা জানান, বর্তমানে নারায়ণগঞ্জে কলেজে সব মিলিয়ে কমবেশি ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শ্রেণী সংকুলন সহ নানামুখী সমস্যা থাকার পরেও প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ গ্রহণ করে। নির্মাণাধীন ভবনটি ১০তলা ফাউন্ডেশন দিয়ে আপাতত ৭তলা পর্যন্ত সম্পন্ন করে আনুষ্ঠানিক উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ভবনটি মোট ৪৮ কক্ষ বিশিষ্ট হবে। যেখানে অনায়াসে প্রতিদিন আনুমানিক প্রায় তিন থেকে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর ক্লাস করার সুব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি প্রতিটি ক্লাসেই আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, দাতা সদস্য প্রবীর কুমার সাহা, হিত্যেষী সদস্য এম.এ হাতেম, অভিভাবক সদস্য মোস্তফা কামাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, কার্যকরী সদস্য ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল হান্নান, কামরুল হাসান মুন্না, শিক্ষক প্রতিনিধি সাবিত্রি রানী দত্ত, আরিফ মিহির সহ অন্যান্য কর্মকর্তারা।



