নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে হজ্ব যাত্রীরা সৌদি আরব যাচ্ছেন। গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। ১৯ জুন রবিবার পর্যন্ত ৬৫টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৩ হাজার ৯৬৪ হজ্ব যাত্রী। ২০ জুন সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ্ব প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ্ব প্রতিদিনের বুলেটিনে বলা হয়, সৌদি আরব যাওয়া হজ্ব যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২০ হাজার ৫৭৯ জন রয়েছেন। ৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৫টি এবং ফ্লাইনাস পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। চুক্তি অনুযায়ী এবার হজ্বে সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জন হজ্ব যাত্রী বহন করবে।
বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবে এখন পর্যন্ত ৪ জন হজ্ব যাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩ জন ও মহিলা ১ জন। তারা সবাই মক্কায় মারা গেছেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ্ব অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
হজ্ব যাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ্ব শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।



