নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের বন্দরে গাঁজাসহ মো. ইসমাইল হোসেন (৩২) এবং মো. হাসানুর রহমান (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা মার্চ শুক্রবার রাতে বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২টি মোবাইল, নগদ অর্থ এবং ১টি মোটরসাইকেল জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত আসামী মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম থানাধীন কৈতরা এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে এবং অপর আসামী মো. হাসানুর রহমান একই জেলা ও একই থানাধীন কুঞ্জ শ্রীপুর এলাকার মো.আরিফুর রহমানের ছেলে।
আজ ৫ই মার্চ শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. ইসমাইল হোসেন এবং মো. হাসানুর রহমান উভয়ই ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



