নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থীর দাবিতে নগরীতে শোডাউন করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত। ওই শোডাউনে উপস্থিত অনেকের হাতেই দেখা গেছে ওয়াকিটকি। যা রীতি মতো অনেকের কাছে আতংকের বিষয়ও হয়ে উঠেছে। উপস্থিত অনেকেই মন্তব্য করেছেন কোনও দূর্ঘটনার আশংকা রয়েছে হয়তো তাই প্রশাসনের লোকেরা কেউ হয়তো ওয়াকিটকির ব্যবহার করে বার্তা আদান প্রদান করছে। কিন্তু তা নয় খোঁজ নিয়ে জানা গেছে এ মিছিলে অংশগ্রহনকারীরা মিছিল নিয়ন্ত্রন করার জন্য এর ব্যবহার করেছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) শহরের দুই নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের প্রার্থীর দাবিতে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুল প্রদক্ষিন করা হয়। এদিকে কোনো রকম অনুমতি ছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে ওয়াকিটকি ব্যবহারের কোনো নিয়ম না থাকলেও তার সমাবেশ ও মিছলে ছিলো ওয়াকিটকির ছড়াছড়ি। প্রশ্ন ওঠেছে, কি কারণে হঠাৎ করে এতো ওয়াকিটকি! এসব ওয়াকিটকি ব্যবহারে প্রশাসনের অনুমতি আছে কিনা?
তবে বিভিন্ন সূত্র বলছে, এসব ওয়াকিটকি ব্যবহারের কোনো অনুমতি নেই। পুরোপুরি অবৈধ ভাবেই এসব ওয়াকটকি ব্যবহার করা হয়েছে এই সমাবেশে। যা সম্পূর্ণ অনৈতিক। এর আগেও নগরীতে বিভিন্ন দলীয় সভা সমাবেশ ও মিছিলে অনেকের হাতে দেখা যাচ্ছে ওয়াকিটকি। সভা সমাবেশ ও মিছিলের সময় অনেকেই এগুলো ব্যবহার করে থাকেন। মূলত ওয়্যারলেস এর মত দেখতে এসব ওয়াকিটকি দিয়ে অনেক ধরনের অপরাধমূলক কর্মকান্ড পূর্বেও সংঘটিত হয়েছে নগরীতে। যার সংবাদ বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
এব্যাপারে জানতে চেয়ে জেলা পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তারা জানান, ইচ্ছে করলেই ওয়াকিটকি ব্যবহার করা যায় না। শুধুমাত্র কোন গ্রুপ অব কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠান পারবে সেটাও প্রশাসনের অনুমতি সাপেক্ষে। চাইলেও কেউ তা ব্যবহার করতে পারবেনা। বিষয়টি খতিয়ে দেখতে হবে।



