সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বাকি না দেয়ায় মুদি ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

মারধর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকায় বাকি না দেয়ায় মুদি ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত তাকবির হোসেন নামে ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাঁচপুরের সোনাপুর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা মুদি দোকান ভাংচুর করে পণ্যদ্রব্য বিনষ্ট করে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় আজ রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই ব্যবসায়ী বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে তাকবির হোসেন কাঁচপুর সোনাপুর কমিউনিটি সেন্টারের পাশে একটি দোকানঘর ভাড়া নিয়ে মুদি মনিহারীর ব্যবসা করে আসছেন। কাঁচপুর সোনাপুর এলাকার রিফাত তার দোকান থেকে দীর্ঘদিন ধরে বাকি পণ্যদ্রব্য নিয়ে টাকা পরিশোধ করেনি।

শনিবার বিকেলে পুনরায় রিফাত তাকবিরের দোকানে এসে ডিম বাকি চায়। রিফাতের কাছে তার পাওনা টাকা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে আমিন ও মোমেন একত্রিত হয়ে লাঠিসোটা, লোহার রড নিয়ে তার দোকানে হামলা করে। এসময় ব্যবসায়ী তাকবিরকে পিটিয়ে জখম করে।

হামলাকারীরা তাকবিরের মুদি দোকান ভাংচুর করে মুদিপণ্য বিনষ্ট করে। এছাড়াও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হামলাকারী রিফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করে বলেন, তাকবিরের উপর হামলা করা হয়নি। সে আমাদের বকাঝকা করায় তাকে শাসানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, মুদি দোকানীকে হামলা করে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT