হার্ট ইনস্টিটিউট করতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে শামীম ওসমানের অনুরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোট এলাকায় নির্মিত ৬তলা বিশিষ্ট জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনটিতে হার্ট ইনস্টিটিউট করতে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এর  কাছে অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ১৪ই ফেব্রুয়ারি রবিবার দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন আসলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই অনুরোধ জানান এমপি। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রী  জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনটিতে হার্ট ইনস্টিটিউট করার আশ্বাস দেন।

এসময় এমপি শামীম ওসমান বলেন, আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। করোনার মহামারিতে প্রতিটা মুহুর্তে তিনি নারায়ণগঞ্জের খবর রেখেছেন। এবং আমরা প্রচন্ডভাবে ওনাকে (প্রধানমন্ত্রী) বিরক্ত করেছি। তখন নারায়ণগঞ্জ হয়ে গিয়েছিল চায়নার উয়ান শহর। বিরক্ত করেছি স্বাস্থ্যমন্ত্রী, সচিব, ডিজিকে যেভাবে বিরক্ত করেছি কিন্তু তারা বিরক্ত হন নাই। রাতের ১টা ২টা বাজে ফোন করেছি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি। কিন্তু নারায়ণগঞ্জবাসী প্রাপ্য স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। নারায়ণগঞ্জে দুটি হাসপাতাল আছে। এর মাঝখানে পুরাতন কোর্ট এলাকায় একটি জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবন রয়েছে। তিন বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ভবনটি। প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে ৬তলা ভবনটি নির্মাণে। জমির দামও ৫০ কোটি টাকা হবে। আমাদের আইন মন্ত্রী মহদোয়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, উনি তখন বলেছেন, যে কোন একটা মন্ত্রনালয়ের সঙ্গে আলাপ করে ভবনটি হস্তান্তর করে দিবে। আমি কালকে থাকবো কিনা জানি না। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমার অনুরোধ নারায়ণগঞ্জে অনেক হার্টের রোগী আছে। যদি আমাকেও এই মুহুর্তে হার্টে এ্যাটাক করে আমাকে নিয়ে যাওয়ার মতো নারায়ণগঞ্জে কোন জায়গা নেই। তাই আমরা চাই ওই ভবনটাকে হার্ট ইন্সিটিউট করা হোক।

এমপি শামীম ওসমান বলেন, আইন মন্ত্রী কথা দিয়েছেন। আপনারাও (স্বাস্থ্য মন্ত্রী ও সচিব) আজ এখানে উপস্থিত। আশ্বাসটা দিয়ে যান। এখানে যদি অত্যাধুনিক একটি হাট ইন্সটিউট হয় তাহলে নারায়ণগঞ্জবাসী আর কিছু করতে না পারলেও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া তো করেই আপনাদের জন্যও দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে। বিনীতভাবে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে এই ভবনটিতে একটি হার্ট ইন্সটিউট করার কথা বলে যাবেন। নারায়ণগঞ্জবাসী মনে করে শেখ হাসিনার সরকারের কোন মন্ত্রী কথা বললে সেই কাজটা হয়। আমরা আশা করি আপনি আমাদের উৎসায়িত করবেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকার পরেই আমার কাছে মনে হয়, বৃহত্তর সিটি হচ্ছে নারায়ণগঞ্জ। অনেক ব্যবসা বাণিজ্য এখানে, লোকজনের বসবাসও বেশি। তাই চিকিৎসা ব্যবস্থাটাও ভালো হওয়া প্রয়োজন। শামীম ওসমান সাহেব যে ভবনের কথা বলেছেন, সেটা আইন মন্ত্রণালয়ের অধীনে। সেই ভবনটাকে হার্ট ইন্সটিউট করার জন্য তাঁর অনুরোধ রয়েছে। আমরা এই বিষয়ে যথাযথ গুরুত্ব সহকারে প্রদক্ষেপ গ্রহণ করবো। আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এই ভবনটি নেওয়ার চেষ্টা করবো। ভবনটি যদি নিতে পারি, তাহলে অবশ্যই এখানে একটি সুন্দর হাসপাতাল করে দিতে চাই। আর শামীম ওসমান ডায়নামিক লিডার। ওনি চাইলে অনেক কিছুই সম্ভব। সারা দেশের মানুষ শামীম ওসমানকে চিনে। পরে হাসপাতাল পরিদর্শন শেষে শামীম ওসমান মন্ত্রীকে সরেজমিনে পুরাতন কোর্ট এলাকায় নিয়ে নারায়ণগঞ্জ শহরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি দেখান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার রেড জোন হিসেবে খ্যাত নারায়ণগঞ্জকে করোনামুক্ত করার যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখায় শামীম ওসমানের প্রশংসা করেন। এছাড়া নারায়ণগঞ্জে আরপিসি ল্যাব স্থাপন, ৩০০ শয্যা হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা, চিকিৎসক, নার্সদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, দুস্থদের নগদ অর্থ ও খাবার সামগ্রী পৌছে দেওয়ার জন্য সেলিম ওসমানের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে এ সময় উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান,  জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

add-content

আরও খবর

পঠিত