নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে আমান গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ কর্মকর্তা আটক

সোনারগাঁয়ে আমান গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ কর্মকর্তা আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় মেঘনা নদীর তীরে আব্দুল আমান গ্রুপের নির্মাণাধীন ফুড এন্ড বেভারেজ কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলীর তত্ত্বাবধানে মেঘনা নদীতে চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আমান ইকোনোমিক জোনের নির্মাণাধীন ওই শিল্প কারখানার নামে নদী দখল করে ১শ ফুট প্রশস্ত ও ছয় হাজার বর্গফুট দৈর্ঘ্যের জায়গা দখলমুক্ত করতে ভেকো দিয়ে খনন কাজ শুরু করা হয়। একই সাথে নদী ভরাটের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বালু নিলামে তুলে ৯৬ লক্ষ ২৬ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়। এর পাশাপাশি নদীর তীরে আমান গ্রুপের বাঁশের বেড়ার সীমানাও ভেঙ্গে ফেলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। নদী ভরাট ও দখলের অভিযোগে আমান গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জামান ও নির্বাহী পরিচালক (কর্পোরেট এ্যাফেয়ার্স) রবিউল হককে আটক করে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ সহ টেকনিক্যাল বিভাগের কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক জানান, নদী দপ্তরের অনুমোদন থাকলেও এই শিল্প প্রতিষ্ঠানটি সরকারি আদেশ ভঙ্গ করে নদীর নির্ধারিত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ সহ নদীর বিরাট অংশ ভরাট করে ফেলেছে। তাই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, নদী দখল করে স্থাপনা নির্মাণকারী বসুন্ধরা গ্রুপ, মেঘনা, ফ্রেশ গ্রুপসহ আরো বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে।

গুলজার আলী বলেন, গত শুক্রবার নদী কমিশনের চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদীবন্দরের কর্মকর্তাদের নিয়ে সরেজমিন মেঘনা নদী পরিদর্শন করে মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আমান ইকোনোমিক জোন, ইউনিক গ্রুপ, আল মোস্তফা গ্রুপের পলিমার ইন্ড্রাষ্ট্রিজসহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে নদী দখলের প্রমাণ পেয়েছেন। তারই আলোকে এ অভিযান চালানো হচ্ছে।

বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর নির্ধারিত সীমানার অভ্যন্তরে যেসব শিল্প প্রতিষ্ঠান অবৈধভাবে নদী দখল করেছে, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। মেঘনা নদীতে আরো দুই দিন অভিযান চালিয়ে ছয়দিন ব্যাপী এই উচ্ছেদ অভিযান সমাপ্ত করা হবে।

এর আগে বুধবার (২২ মে) বৈদ্যেরবাজার এলাকায় নদী দখল করে জাহাজ নির্মাণ শিল্প সম্প্রসারণ করায় ইউনিক গ্রুপের প্রায় ৭ লক্ষ বর্গফুট ভরাট বালু জব্দ করে নিলামে তুলে ২৯ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 May 2019

সোনারগাঁয়ে আমান গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ কর্মকর্তা আটক

www.narayanganjbarta24.com