জাতীয় নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নায়িকা পরীমণির মামলা ডিবিতে

র‌্যাব সদর দপ্তরে পরীমণি, চলছে জিজ্ঞাসাবাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে র‍্যাবের করা মাদক মামলা তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ ৫ই আগস্ট বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিত্র নায়িকা পরীমণির মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরীমণিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে আলোচিত নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদর দপ্তর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন।

তিনি আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনসিদ্ধ পদ্ধতিতে পরীমণির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়, যা একটি লাইসেন্সে কাভার করে না। পাশাপাশি তার বাসায় লাইসেন্সের একটি কপি পেয়েছি। তবে তা আইনসিদ্ধ নয় এবং মেয়াদোত্তীর্ণ ছিল।

উল্লখ্য, এর আগে ৪ঠা আগস্ট বুধবার বিকালে পরীমণির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমণি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় বিভিন্ন পোশাকে লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব।

পরীমণি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

About the author

SOFT PRO IT