র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানী তেলবাহী ট্যাংকলরী থামিয়ে চাঁদা আদায়কালে  ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ই মে রবিবার দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাগপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : মোঃ আব্দুল হামিদ (৭০), মো. মজিবর রহমান (৭৭), মো. বাদল শেখ (৫৮) ও  মো. জসীম উদ্দিন (৫২)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ১শত ৩০ টাকা ও নামে-বেনামে বিভিন্ন সমিতির ৬ টি চাঁদা আদায়ের রশিদ বহি উদ্ধার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

আজ ৩০ই মে রবিবার রাত ৮ টায় নারায়ণয়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো হতে প্রতিদিন শত শত তেলের ট্যাংকলরী জ্বালানী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। একটি সক্রিয় চাঁদাবাজ চক্র এই জ্বালানী তেলভর্তি ট্যাংকলরীগুলো থেকে ট্যাংকলরীর চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লরী প্রতি দৈনিক ১২০ টাকা থেকে ১৪০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে বলে জানা যায়। এছাড়া নিবিড় অনুসন্ধানে জানা যায়, শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে গাড়ী প্রতি ৭০ টাকা চাঁদা উঠানোর নিয়ম থাকলেও উক্ত চাঁদাবাজ চক্রটি নামে-বেনামে বিভিন্ন সমিতি ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে ৬টি টোকেন প্রদর্শন করে অতিরিক্ত ৫০ টাকা থেকে ৭০ টাকাসহ প্রতি ট্যাংকলরী হতে ১২০ টাকা থেকে ১৪০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছে বলে জানা গেছে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, কয়েকজন ভুক্তভোগী ট্যাংকলরী চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে আজ রবিবার দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাগপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জ্বালানী তেলভর্তি ট্যাংকলরী থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ১শত ৩০ টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নামে-বেনামে বিভিন্ন সমিতি ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে নিয়ম বহির্ভূত ভাবে গোদনাইল বাগপাড়া এলাকায় চলাচলরত জ্বালানী তেলভর্তি ট্যাংকলরীর চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT