নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকায় তিতাস গ্যাসের বৈধ গ্রাহকের চেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীর সংখ্যা কয়েকগুন বেশি হওয়ায় কোন প্রকার নোটিশ না দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছেন অবৈধ গ্যাস ব্যবহারকারীদের পাশাপাশি বৈধ গ্রাহকরা। গত ১৫ই মে থেকে কাঞ্চন পৌর এলাকায় গ্যাস সরবরাহ একে বারেই বন্ধ করে দেয়া হয়। এতে করে বৈধ গ্রাহকরা এখন চরম ভোগান্তিতে পড়েছে। এদিকে গ্যাস সরবরাহ চালু না করে বৈধ গ্রাহকরা এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের ঘোষনা দিয়েছেন।
তিতাস গ্যাস ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাঞ্চন পৌরসভা এলাকায় ঝুট মিলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য ৬ ইঞ্চি ও ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি তিতাস গ্যাসের পাইপলাইন স্থাপন করা হয়। পরে এসব পাইপ লাইনে ১৫০ পিএসআইজি প্রেসার থেকে ৫০ পিএসআইজি প্রেসারে নিয়ে আসা হয়। আর ৫০ পিএসআইজি প্রেসারে আবাসিক সংযোগ নিয়ম অনুযায়ী অনুমোদন দেয়া যায়। পরে কাঞ্চন পৌর এলাকায় তিতাস গ্যাস কোম্পানি বিতরণ লাইন ও আবাসিক সংযোগের অনুমতি দেন। এরপর গত প্রায় ১০ বছর আগে কাঞ্চন কৃষ্ণনগর, কাঞ্চন খাঁপাড়া, দক্ষিন বাজার, পুর্বপাড়া, কাঞ্চন উত্তরপাড়া, কাঞ্চন দাসপাড়া, নাথপাড়া, হাজীপাড়া, কালাদীসহ বেশ কয়েকটি এলাকায় গ্রাহকদের ব্যক্তিগত খরচে তিতাস গ্যাস কোম্পানি ১ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসের পাইপ লাইন স্থাপন করে দেন। আর এসব পাইপ লাইন থেকে গ্রাহকদের প্রায় ৫০০ বৈধ আবাসিক গ্যাস সংযোগ দেয়া হয়।
এদিকে, বৈধ গ্যাস সংযোগ দেয়ার পর হঠাৎ করে সরকার তিতাস গ্যাস সংযোগ অনুমোদন বন্ধ করে দেন। বন্ধ করে দেয়ায় কাঞ্চন পৌরাঞ্চলসহ ভোলাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ স্থানীয় গ্যাসের নিয়োজিত ঠিকাদাররা সাধারন মানুষের কাছ থেকে গ্যাস সংযোগ দেয়ার নামে জন প্রতি ৫০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিয়ে নিম্নমানের পাইপ লাইন স্থাপন করে প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ দেয়। আর এসব অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার প্রতিশ্রুতিও দেয়।
এদিকে, গত ১৫ই মে থেকে কোন প্রকার নোটিশ বা ঘোষনা ছাড়াই অবৈধ গ্যাস লাইন ব্যবহারীদের পাশাপাশি বৈধ গ্রাহকদের লাইন কেটে দেয়া হয়। ফলে ভোগান্তিতে পরে কাঞ্চন পৌরবাসী। গ্যাসের চুলায় রান্না করতে না পেরে খাবার দোকান গুলোতে ভীড় করছেন। আবার কেউ কেউ মাটির ও টিন দিয়ে বানানো চুলায় রান্না করছেন। বৈধ গ্রাহকদের দাবী তাদের গ্যাসের লাইন যেন দ্রুত সংযোগ দেওয়া হয়। গ্যাস সরবরাহ চালু না করলে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলন করবেন বলে হুশিয়ারী দেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁও যাত্রামুড়া অফিসের ব্যবস্থাপক মেজবাউর রহমান জানান, কাঞ্চনে বৈধ গ্রাহকের তুলনায় অবৈধ গ্রাহক বেশি হওয়ায় সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ গ্যাস সংযোগ রয়েছে ৫ শতাধিক আর অবৈধ গ্যাস ব্যবহারকারী রয়েছে প্রায় ৫ হাজার। ঈদের পর দিন থেকে প্রথমে গ্যাসের প্রেসার কমিয়ে দেওয়া হলেও গত ৪ দিন ধরে গ্যাসের সরবারহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বৈধ গ্যাস ব্যবহারকারীদের মধ্যে অনেকের ২-৩ বছরের গ্যাস বিল বাকী রয়েছে। তবে বৈধ গ্যাস ব্যবহারকারী যদি নিশ্চয়তা প্রদান করেন কাঞ্চনে কোন অবৈধ সংযোগ থাকতে দিবে না তাহলে তাদের গ্যাস সংযোগ পূনরায় দেওয়া ব্যাপারে কর্তৃপক্ষ চিন্তা করবে।



