জাতীয় নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের সাবেক এমপি ও চিত্রনা‌য়িকা কবরী আর নেই

করোনায় আক্রান্ত কবরী, হাসপাতালে ভর্তি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনা‌য়িকা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১৫ই এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবরীর ছেলে শাকের চিশতী।

এদিকে গত ১৫ই এপ্রিল বিকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে চিন্তায় পড়েন সারাহ বেগম কবরী। পারিবারিক চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ৫ই এপ্রিল রাতে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত ৭ এপ্রিল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের কথা জানান। তখন এই অভিনেত্রীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেওয়া মিনা পালের (কবরীর পূর্ব নাম) শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। ১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে উঠেন তিনি।

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে নীল আকাশের নিচে, ময়নামতি, সুজন সখী, স্মৃতিটুকু থাক, সারেং বউ, তিতাস একটি নদীর নাম সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তাছাড়া অভিনেত্রী কবরী একাত্তরে কলকাতায় গিয়ে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেখানে বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা করেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন।

পরে দেশে ফিরে চলচ্চিত্রে পুরোপুরি মনোনিবেশ করেছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে আয়না নামে একটি চলচ্চিত্রের পরিচালনার মধ্য দিয়ে নির্মাণে অভিষেক ঘটে কবরীর। ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে এই তুমি সেই তুমি না‌মে দ্বিতীয় চল‌চ্চিত্র নির্মাণ হাত দিয়েছেন তিনি।

এছাড়াও এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কবরী।

About the author

SOFT PRO IT