রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, আশঙ্কাজনক আরো ৪ জন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস নামে একটি কারখানায় লোহা গলানোর পাত্র বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২৩ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন, মিজানুর রহমান (৩৩) ও ফাহিম (২৫)। এরআগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা বরপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত বাকিরা হলেন, আবু সিদ্দিক, রাজু, শাকিল ও রফিক। তাদের মধ্যে তিন জনের শরীরের শতভাগ পুড়ে গেছে এবং অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলা সদর থানার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে এবং ফাহিম লালমনিরহাট জেলার পাতিগ্রাম থানার বাংলাবাড়ী এলাকার আকবরের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার মধ্য রাতে ওই কারখানায় শ্রমিকরা কাজ করার সময় লোহা গলানোর পাত্রের (ভাট্টি) বিস্ফোরণ হয়। উত্তপ্ত লোহা শ্রমিকদের শরীরে ছিটকে পড়লে ছয় জন দগ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। এই ঘটনায় কারখানা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হতাহতদের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT