নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাড়ি থেকে ডেকে নিয়ে রুপগঞ্জে সাংবাদিক পুত্রকে হত্যা, আটক-১

বাড়ি থেকে ডেকে নিয়ে রুপগঞ্জে সাংবাদিক পুত্রকে হত্যা, আটক-১
Written by SOFT PRO IT

নারায়ণগগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র রিফাত হাসানকে (২২) বখাটেরা মেরেই ফেললো। গত ১লা আগস্ট শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে মাথা থেঁতলে ও পাশ^বিক নির্যাতন করে তাকে হত্যা করে। রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা সুতালড়া এলাকায় ঘটে এ ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক বখাটেকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে। নির্মম এ ঘটনার খবরে গোটা রূপগঞ্জে নিন্দার ঝড় বইছে। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দৈনিক ভোরের কাগজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের ছেলে।

রিফাত হাসানের পিতা নজরুল ইসলাম জানান, গত ৩১ জুলাই দিবাগত রাত ২ টার দিকে একই এলাকার রিফাত ভুইয়া নামে এক বখাটে যুবক তার ছেলে রিফাত হাসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রিফাত ভূইয়া তার ছেলে রিফাত হাসানের বন্ধু হওয়ায় সুবাধে তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেনি। ঐ রাতেই আড়াইটার দিকে নাহিদ নামে আরেক বখাটে যুবক রিফাত হাসানের মামা আসলাম ভূইয়াকে ফোন দিয়ে বলেন, রিফাত হাসান আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওর সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। মামা আসলাম ভূইয়া ফোনের মাধ্যমে আসামীদের কোন ঝামেলা না করতে বুঝানো চেষ্টা করলেও তাদের আচরণ ছিল বেপোরোয়া।

আসলাম ভূইয়া বিষয়টি নজরুল ইসলামকে জানালে তারা রিফাত হাসানকে নানা স্থানে খোজাখুজি করতে থাকে। পথিমধ্যে মামলার এজাহারভূক্ত আসামী বাবু, মৃদুল, রাশেদ তাদের জানায় রিফাত হাসান গুরুতর অসুস্থ হওয়ায় তাকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নজরুল ইসলাম ও স্বজনরা ইউএস বাংলা হাসপাতালে গিয়ে রিফাত হাসানকে মূমুর্ষ অবস্থায় দেখতে পান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত হাসান তার পরিবারকে ঘটনার বিবরণ দিয়ে বলেন, বরপা এলাকার মইনউদ্দিন ভূইয়ার ছেলে রিফাত ভূইয়া, একই এলাকার  আনোয়ার হোসেনের ছেলে নাহিদ, রফিকুল ইসলামের ছেলে বাবু, মৃত আওলাদ হোসেনের ছেলে মৃদুল, মোশারফ হোসেনের ছেলে রাশেদসহ অজ্ঞাত আরো ৪/৫ জন রিফাত হাসানকে ৩১ জুলাই দিবাগত রাত ২ টার দিকে ডেকে নিয়ে যায়। পরে ১লা আগস্ট শনিবার ঈদের দিন ভোররাতে তাকে বরপা সুতালরা এলাকার স্কুলের সামনে পাকা রাস্তার উপর নিয়ে মাথা থেতলে ও শরীরে এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।

রিফাত হাসানের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রিফাত ভূইয়াকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষাথী ও সাংবাদিক পুত্র হত্যার ঘটনায় গোটা রূপগঞ্জে নিন্দার ঝড় বইছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন রূপগঞ্জের সুশীল সমাজ, রাজনীতিবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আসামী রিফাত ভূইয়াকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

About the author

SOFT PRO IT