নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের মা হাসপাতালে ভুয়া চিকিৎসক সোলায়মান আবারো আটক

নারায়ণগঞ্জের মা হাসপাতালে ভুয়া চিকিৎসক সোলায়মান আবারো আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে সোলায়মান মোল্লা নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩ জুন) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের হাজি ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হাসপাতাল ও ল্যাব থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সোলায়মান মোল্লা রাজবাড়ী জেলার গোপালপুর এলাকার বাসিন্দা। এর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন সোলায়মান মোল্লা। বৃহস্পতিবার (৪ জুন) র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, বুধবার (৩ জুন) রাত ৮ টায় গোপন সূত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত মা হসপিটাল এন্ড ল্যাবে অভিযান পরিচালনা করে রোগী দেখার সময় ডাক্তার মো. সোলায়মান মোল্লা ওরফে ডা. এমএস ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ জন রোগীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, ১টি স্টেথোস্কোপ, ১টি স্পেনোমিটার, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার ও ১টি কিবোর্ড জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, এরআগে মো. সোলায়মান মোল্লা ডাক্তার পরিচয়ে রোগী দেখার অপরাধে গত বছরের ২ জুলাই ২০১৯ সালে গ্রেফতার করা হয়েছিল।  জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মো. সোলায়মান মোল্লা দীর্ঘদিন যাবৎ নিজেকে এমবিবিএস ডাক্তার, কনসালটেন্ট ও সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী দেখে আসছে। একইভাবে গতকাল সিদ্ধিরগঞ্জের মা হাসপাতাল এন্ড ল্যাবে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চেম্বারে রোগীদের প্রেসক্রিপশন দেয়া অবস্থায় র‌্যাবের আভিযানিক দল তাকে হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার বিএমএন্ডডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে এমবিবিএস ডাক্তারী সনদপত্র ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। সে এমবিবিএস ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তার হিসেবে মা হাসপাতাল এন্ড ল্যাবসহ নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারী হাসপাতালে রোগী দেখে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

About the author

SOFT PRO IT