নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীতে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না করার দাবি জানিয়ে এবার স্বপরিবারে রাজপথে নেমেছেন হকাররা। সোমবার (২ মার্চ) সকাল ১১ টায় চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর হকার্সলীগের ব্যানারে একটি মিছিল বঙ্গবন্ধু সড়ক হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নগর ভবন) এর সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় স্ত্রী সন্তানসহ পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে নিয়ে এই দাবি জানায় হকাররা।
তারা জানায়, সড়কে দোকানদারী করতে না পারায় স্ত্রী সন্ত্রানদের নিয়ে সমাজে টিকে থাকাটা তাদের কাছে কষ্টকর হয়ে উঠছে। তাই হরাহকারদের অন্যত্র পুনর্বাসনের পূর্বে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে বসার সুযোগ করে দিতে হবে। নয়তো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে হকার নেতারা। মেয়রের পক্ষ থেকে স্মারকটি গ্রহণ করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) আবুল আমিন।
হকার নেতারা বলেন, কোন হকার বলেনা যে, আমার রাস্তাঘাট বন্ধ করে মানুষের সমস্যা তৈরী করবো। আমরা দীর্ঘদিন যাবৎ একটি দাবি করে আসছি যে, এমন একটি ব্যবস্থা চাই যার মাধ্যমে হকাররাও ব্যবসা করতে পারে এবং মানুষও চলাচল করতে পারে।

