নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সিটি নির্বাচনে ঢাকা-নারায়ণগঞ্জ যান চলাচল বন্ধ

সিটি নির্বাচনে ঢাকা-নারায়ণগঞ্জ যান চলাচল বন্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে ঢাকা মহানগরে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কমিশন। আর নারায়ণগঞ্জ থেকে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারবে না।  ইসির নির্দেশনা অনুযায়ী গতমঙ্গলবার এক প্রজ্ঞাপনে ভোটের সময় যান চলাচলে বিধি নিষেধ আরোপ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি (শুক্রবার) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, বেবি ট্যাক্সি/অটো রিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ট্রাক, টেম্পু, অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। আর মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ৩০ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত। তবে মোটরসাইকল ও বিভিন্ন যানবাহনে নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এক্ষেত্রে পর্যবেক্ষকদের পরিচয়পত্র থাকতে হবে।

এছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

About the author

SOFT PRO IT