নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : আসন্ন সোনারগাঁ ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয়ের প্রথম দিন নোয়াগাঁও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাতীয় পার্টির নেতা সামসুল আলম সামসু সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিস থেকে নিজ নামে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ২৫ এপ্রিল সোমবার বিকালে জাতীয় পার্টির নেতা সামসুল আলম সামসু সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসে তার সমর্থকদের নিয়ে হাজির হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
১৯৯৭ থেকে ২০১১ সন পর্যন্ত র্দীঘ পনের বছর সাত মাস নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সাথে পালন করেন তিনি এবং তৎকালিন সময়ে একবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত ভাবে সামসুল আলম জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। মনোনয়ন পত্র সংগ্রহ করার পর নির্বাচন অফিসের বাহিরে সাংবাদিকদের জানান, দির্ঘ পনের বৎসর সাত মাস নোয়াগাঁ ইউনিয়ন পরিষদেও দায়িত্বে থাকা কালীন সময়ে সাত ভিঘা জমি বিক্রি করে জনসেবা করেছি। কারো আমানত খেয়ানত করিনি। সমাজ তথা মানব সেবার অন্যতম পথ হচ্ছে জনপ্রতিনিধি হওয়া। দির্ঘ্য দিন স্ব-পরিবারে প্রবাস জীবন যাপন করার পর সুদূর আমেরিকা থেকে দেশে ফিরেছি মাটির টানে ও মানুষের টানে। আমি চাই একটি সুষ্ঠ, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন।
নির্বাচন যদি অবাদ সুষ্ঠ ও সুন্দর নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয় লাভ করব। তিনি অভিযোগ করে বলেন, উক্ত ইউনিয়ন পরিষদের দুটি কেন্দ্র গোবিন্দপুর, লাধুরচর খুবই ঝুঁকিপূর্ণ। সে কেন্দ্র দুটিতে প্রশাসনসহ সংবাদকর্মীদের নজর রাখার বিশেষ অনুরোধ জানান ।

