সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বাড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে বাড়ির পাশ থেকে সবেদা বেগম (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাঁচপুর সুখেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। সবেদা বেগম এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তোফাজ্জল ও সবেদার মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়। এরই জেরে প্রথমে তোফাজ্জল বাড়ি থেকে বেড়িয়ে যান। পরবর্তী সময়ে তার স্ত্রী সবেদাও বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের বালুর মাঠে সবেদার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে দুপুরে পুলিশ গিয়ে সবেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড ময়নাতদন্তের আগে বোঝা যাবে না। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 December 2019

সোনারগাঁয়ে বাড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

www.narayanganjbarta24.com