সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মেঘনা নদীতে ড্রেজারে হামলা, গুলিবিদ্ধসহ আহত-৩

মেঘনা নদীতে ড্রেজারে হামলা, গুলিবিদ্ধসহ আহত-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় মেঘনা নদী সংলগ্ন আনন্দবাজার এলাকায় একটি ড্রেজারে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। দাবি করা চাঁদা না পাওয়ার জেরে এ হামলায় গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকালে এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে আনন্দবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানামগাবতলী গ্রামের ইসমাইল মেম্বারের ছেলে রকি হোসেন মেঘনা নদীতে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। তার কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন মোবারকপুর গ্রামের হাসরুলের ছেলে মহসিন। মঙ্গলবার রাতে আবারও তার ড্রেজারে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন মহসিন।

এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় মহসিনের নেতৃত্বে তার ভাই তাজুল ইসলাম, মনির হোসেন, রিপন মিয়া ও আলিফ মিয়াসহ ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী রকির ওপর হামলা চালিয়ে পিস্তল দিয়ে গুলি ছোড়ে। এ হামলায় রকি হাতে গুলিবিদ্ধ হয় এবং তার সঙ্গে থাকা অনিক মিয়া ও সজিব মিয়া আহত হয়।

আহত রকি হোসেন জানান, চাঁদার টাকা না দেওয়াতেই সন্ত্রাসীরা আমাকে ও ড্রেজারের স্টাফদের মারধর করেছে। এ হামলায় হাতে গুলিবিদ্ধ হয়েছি। সোনারগাঁ থানায় মামলা দায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এ হামলায় আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে মহসিন মিয়া জানান, হামলায় তার পক্ষের লোকজনও আহত হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

About the author

SOFT PRO IT