নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে পৃথক ঘটনায় চার হত্যাকাণ্ড

না.গঞ্জে পৃথক ঘটনায় চার হত্যাকাণ্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের চার উপজেলায় পৃথক ঘটনায় চারজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে ফতুল্লা, আড়াইহাজার, বন্দর ও সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটেছে। এদিন সকালে আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারওয়ার্দী গ্রামে সুরুজ মিয়া নামে একজনকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত সুরুজ মিয়া ওই এলাকার আহেদ আলীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, সকালে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষ আবুল হোসেন গং তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অপর দিকে সকালে সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের মিজমিজি মতিন সড়ক এলাকায় কয়েল কারখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কোথাও মেরে মরদেহটি এখানে এনে ফেলে রেখে গেছে অজ্ঞাতরা।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা সড়কে মরদেহটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ উপড়ানো রয়েছে এবং বাম হাতের কব্জির ওপরে এবং নিচে দুটি কামড়ের দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া বন্দরের কাইতাখালিতে পূর্ব শত্রুতার জের ও টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ঘটনায় এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পাঁচজনের একটি দল তাকে হত্যা করে।  নিহত মিশন কাইতাখালির টুক্কি শিকদারের ছেলে। সে বিদেশ ছিল এবং কিছু দিন আগে দেশে এসে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নেয়।

বন্দর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ও টাকা পয়সার লেনদেন নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ফতুল্লার লালখা এলাকায় শেফালী বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শেফালী একই এলাকার আব্দুল হামিদের মেয়ে। ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান জানান, পরিবারের অভিযোগ তার মৃগী রোগ ছিল। সে পড়ে গিয়ে নিহত হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT