জাতীয় সদ্যপ্রাপ্ত

নয়ন বন্ডকে গুলি করে হত্যা করা হলো কেন? : প্রশ্ন মান্নার

নয়ন বন্ডকে গুলি করে হত্যা করা হলো কেন? : প্রশ্ন মান্নার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : কোনো অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্যই বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ডকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেছে নদীর পাড়ে গোলাগুলিতে নয়নের মৃত্যু হয়েছে। অথচ তিন দিন আগে স্থানীয় একটি পত্রিকায় এসেছে যে তাকে হিলি বন্দর থেকে আটক করা হয়েছে। জানতে চাই, এর রহস্য কী? এ সময় তিনি নয়ন বন্ডকে গুলি করে হত্যা করার প্রকৃত কারণ প্রকাশ করার দাবি জানান।

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, গ্যাসের দাম বাড়ানো সরকারের স্বেচ্ছাচারী বৈশিষ্ট্যের বহি:প্রকাশ। মানববন্ধনের মাধ্যমে আমরা গ্যাসের দাম বাড়ার প্রতিবাদ শুরু করেছি। আমাদের রাজনৈতিক বন্ধু বাম দলের ডাকা হরতাল খুবই যৌক্তিক। আমরা এই হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা তাদের আহ্বান জানাচ্ছি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঘরে বসে প্রতিবাদ না করে রাজপথে নেমে আসুন, গণ আন্দোলন গড়ে তুলুন।সূত্র: দৈনিক অধিকার

About the author

SOFT PRO IT