ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শাহ নিজামের বিরুদ্ধে ফতুল্লা থানায় ওসি মঞ্জুর কাদেরের জিডি

শাহ নিজামের বিরুদ্ধে ফতুল্লা থানায় ওসি মঞ্জুর কাদেরের জিডি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রশাসন ও সরকারের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ এনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে ফতুল্লা থানায় সাধারণ ডায়রী করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের। যার জিডি নম্বর-১৪৫৭৯। শুক্রবার (২৯ মার্চ) দুপুরের দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাদী হয়ে ওই জিডি দায়ের করেন।

গত ২৬ মার্চ পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ নিজাম তার বক্তব্যে বলেন শামীম ওসমানের মতো নেতা থাকলে নারায়ণগঞ্জে প্রশাসনের দরকার হয় না। কারণ শামীম ওসমান মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। শামীম ওসমানের মতো নেতৃত্ব থাকলে প্রশাসনের প্রয়োজনও পড়ে না।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মঞ্জুর কাদের। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।

শাহ নিজামের বিরুদ্ধে জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মঞ্জুর কাদের।

এ প্রসঙ্গে শাহ নিজাম জানান, আমরা প্রশাসনের বাইরে নই। যেহেতু আমরা নিজেরাই সরকারি দলের লোক। তাই প্রশাসনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার প্রশ্নই আসে না। ওই দিনের আমার বক্তব্য ভালো করে শুনলে বুঝতে পারবেন। আমি বলেছি, শামীম ওসমান মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমাদের নেতা কর্মীরা সঠিক ভাবে দায়িত্বপালন করলে, প্রশাসনের কাজ সহজ হয়। প্রশাসনের দরকার পরে না।

শাহ নিজাম আরো বলেন, আমি বক্তব্যে বলেছি, যেহেতু আমাদের নেতা শামীম ওসমান আর তিনি যেহেতু নারায়ণগঞ্জে নেতৃত্ব দিচ্ছেন তাই আমরা যদি স্ব স্ব অবস্থানে ঠিক থাকি তাহলে প্রশাসনেরও দরকার হয় না। কিন্তু আমার পুরো বক্তব্য প্রকাশ না করে খন্ডিত অংশ প্রকাশ করায় এমন হয়েছে।

About the author

SOFT PRO IT