নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৭ দিন হলেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কিশোরী অনামিকা মন্ডল। উল্টো অপহৃতার মা-বাবা এ ব্যাপারে বাড়াবাড়ি না করার হুমকি দিয়েছে অপহরণকারীর স্বজনরা। ২০ নভেম্বর মঙ্গলবার বিকালে অপহৃতার পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় দেওয়া শংকর মন্ডলের অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দেলপাড়া এলাকার শংকর মন্ডলের কিশোরী মেয়ে অনামিকা মন্ডলকে (১৭) পাশ্ববর্তী উত্তরপাড়া এলাকার হরি মন্ডলের ছেলে মিতু চন্দ্র মন্ডল যৌন হয়রানি চালিয়ে আসছে।

এ ঘটনা অনামিকার পিতা শংকর মন্ডল হরি মন্ডলকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মিতু চন্দ্র মন্ডল দেলপাড়ার বাড়িতে গিয়ে শংকর মন্ডলের মেয়েকে শাসায়। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় অনামিকা মন্ডল বাড়ির উঠানে পাঁয়চারি করছিলো।

এসময় মিতু মন্ডল তার বন্ধু দেলপাড়া এলাকার কৃষ্ণ মন্ডলের ছেলে শান্ত মন্ডলের সহযোগীতায় সিএনজিতে তুলে নিয়ে যায়। অপহরণের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়। কোথাও না পেয়ে একপর্যায়ে হরি মন্ডলের বাড়িতে গেলে অঞ্জলী মন্ডল, কৃষ্ণগোবিন্দ ও হরি গোবিন্দ এ বিষয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিভিন্ন মাধ্যমে  মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT