আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শালিসী বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (আড়াইহাজার প্রতিনিধি) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি শালিসী বৈঠকে আবদুল বাতেন (৩৫) নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ১৯ ফেব্রুয়ারী রোববার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বাতেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি গ্রামের দেওয়ান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আবদুল বাতেনের সঙ্গে প্রতিবেশী মিছির আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। রোববার দুপুরে স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়ার উপস্থিতিতে শালিসী বৈঠকের সময়ে হঠাৎ করে তর্ক বিতর্কের জের ধরে মিছির আলীর পক্ষে শাহজাহান, আইউবুর, মহিবুর, ইউনুস সহ আরো কয়েকজন মিলে বাতেনকে লাঠিসোটা নিয়ে বেধড়ক পিটুনী দেয়। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যায়।

ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় ১জনকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT