জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নামজারি মঞ্জুর না হলে জানাতে হবে কারণ

নামজারি “ মঞ্জুর ” না হলে জানাতে হবে কারণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জমির নামজারি আবেদন না মঞ্জুর করার আগে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ওই নোটিশে তথ্য বা কাগজপত্রের ঘাটতির বিষয়ে জানাতে হবে। আজ ৭ই ফেব্রুয়ারি সোমবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নাগরিকের ভোগান্তি দূর করতে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এ পরিপত্র জারি করা হয়েছে। ফলে ভূমিসেবা গ্রহীতা নামজারি আবেদন না মঞ্জুর হয়ে যাওয়ার আগে ঘাটতি কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।

পরিপত্রে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের গত বছরের ২ নভেম্বর জারি করা পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে। এই টাকা পরিশোধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনারের (ভূমি) আইডিতে তালিকাভুক্ত হয়। অনেক সময় সহকারী কমিশনারের প্রথম আদেশের আগেই অনেক আবেদন না মঞ্জুর করা হয়। সেক্ষেত্রে কী কারণে আবেদন না মঞ্জুর হয়েছে, তা নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়।

এতে আরও জানানো হয়, এক্ষেত্রে সহকারী কমিশনারদের (ভূমি) প্রথম আদেশের আগে নামজারি বাতিল করা যাবে না। আবেদনে কোনো তথ্য বা কাগজপত্রের ঘাটতি থাকলে প্রথম আদেশে তা উল্লেখ করে তথ্য বা কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে।

আবেদনকারী নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোনো কারণে না-মঞ্জুর হলে দ্বিতীয় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখ করতে নির্দেশনা দেওয়া হলো।

সুত্র : জাগো নিউজ।

About the author

SOFT PRO IT