নারায়ণগঞ্জ ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফকির নীটের মামলায় জামিন পেল আরও ১৭ শ্রমিক

ফকির নীটের মামলায় জামিন পেল আরও ১৭ শ্রমিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লা কায়েমপুর এলাকার ফকির নীটওয়্যারের মামলায় আরও ১৭ জন শ্রমিক জামিন পেয়েছেন। ২৭শে জানুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন নিয়েছেন। আসামীদের পক্ষে আদালতে জামিন শুনানি করেন এড. মুকুল ঘোষ। জামিন প্রাপ্তরা হলেন : বাদল মিয়া, মালেক শেখ, বিল্লাল হোসেন, আঃ হাই, রুবিনা খাতুন, তানবিন হাসান, মিলন, হাসিবুল ইসলাম, ইউসুফ আলী, রাজু আহম্মেদ, ছানোয়ারা, শামীম হোসেন, সুমন মিয়া, পলাশ মিয়া, হেলাল উদ্দিন, রহমত উল্লা ও সোহেল রানা।

উল্লেখ্য, ফকির নীটে গত ২০২০ সালের মে মাসে শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করে। সেই আন্দোলনে কারখানা ভাংচুর ও কর্মকর্তাদেরকে মারধরের অভিযোগ তুলে ১৯ই মে অজ্ঞাত নামা ১৫০ থেকে ২ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে কারখানা কর্তৃৃপক্ষ ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১১ (৫) ২০২০। সেই সময়ে ছাঁটাইকৃত ১২০ জন শ্রমিকের চাকুরি পূর্নবহাল নতুবা আইনগত পাওনাদী পরিশোধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে দীর্ঘ আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের নেতৃত্বে থাকা সংগঠন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের সাথে আলোচনার করে সংকট নিরসন করেন। একই সাথে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন।

পরবর্তীকালে কর্তৃপক্ষ সেই কথা রাখেনি। ফলে ফতুল্লা মডেল থানা পুলিশ ৯৮ জন শ্রমিকের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট প্রেরণ করেন। আদালত শ্রমিকদের উপস্থিতি না পেয়ে তাদের নামে ওয়ারেন্ট জারি করেন। শ্রমিকরা পুলিশী হয়রানির শিকার হয়ে ২৭শে জানুয়ারি বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (খ) অঞ্চল নারায়ণগঞ্জ আদালতে হাজির হয়ে ১৭ জন শ্রমিক আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এর আগেও গত ২৫শে জানুয়ারি আরো ১৮ জন শ্রমিক জামিন নিয়েছেন। শ্রমিক নেতারা মিথ্যা মামলায় শ্রমিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

About the author

SOFT PRO IT