নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। জীবণের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হয়। সাংবাদিক ভাইয়েরা পেশাদারিত্বের সহিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। শনিবার (১৮ মে) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও প্রেস ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আশির দশকে স্বাধীনতার স্ব-পক্ষে যারা সাংবাদিকতা করেছেন তাদের অনেকেই আমাদের মাঝে নেই। উদাহরন স্বরুপ বলা যায় সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সরোয়ার এবং প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর ভাই। আমাদেরকে এ প্রয়াত সাংবাদিকদের নিকট হতে শিখতে হবে। স্বাধীনতা বিরোধীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট মহাপরিচালক জাফর ওয়াজেদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম। আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. সালাম এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হোসেন পন্টি।

