সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে প্রিজাইডিং কর্মকর্তার লাশ উদ্ধার, নিখোঁজ ১

সোনারগাঁয়ে প্রিজাইডিং কর্মকর্তার লাশ উদ্ধার, নিখোঁজ ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( সোনারগাঁ থেকে রুবেল খান )  :  সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে চরকিশোরগঞ্জ থেকে ফেরার পথে ১৭ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ প্রিজাইডিং অফিসারের লাশ উদ্ধার করা হয়েছে কিন্তু নিখোঁজ এখনো এক পুলিশ সদস্য।

নিখোঁজের দুই দিন পর ২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রিজাইডিং কর্মকর্তা বোরহান উদ্দিনের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরি দল। চরকিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার মেঘনা নদীর মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকালে মহিলা আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত বোরহান উদ্দীন চরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার মেঘনাঘাট শাখার ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক। তার বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে।

এদিকে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া। তাকে সন্ধানে এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীতে নিখোঁজের দুদিন পর বেরহান উদ্দিনের লাশ উদ্ধার হয়েছে। তবে টিএসআই সেলিম মিয়া এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 April 2019

সোনারগাঁয়ে প্রিজাইডিং কর্মকর্তার লাশ উদ্ধার, নিখোঁজ ১

www.narayanganjbarta24.com