জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক রোজিনার মামলা তদন্ত করবে ডিবি

গাজিপুরের কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।  ১৯ই মে বুধবার মামলাটি শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবি রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এ তথ্য জানান।

ডিবি পুলিশ জানায়, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের জন্য ঊর্ধ্বতনদের নির্দেশে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে মামলার সব কাগজপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এর ফলে মামলাটি এখন থেকে তদন্ত করবে ডিবি রমনা বিভাগ।

এর আগে গত ১৭ই মে সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ উসমানী। সেই মামলায় রোজিনা ইসলামকে গ্রেফতার দেখানো হয়। রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে সেখানে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়।

১৮ই মে মঙ্গলবার সকালে রোজিনাকে আদালতে তুলে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 May 2021

সাংবাদিক রোজিনার মামলা তদন্ত করবে ডিবি

www.narayanganjbarta24.com