জাতীয় রাজনীতি সংগঠন

শেষ জীবনের চাওয়া জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চাই- এরশাদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে নেতাকর্মীদের কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন সাবেক এই সেনা শাসক। ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন আখ্যা দিয়ে এরশাদ বলেন, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কতদিন আর বাঁচবো। আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে। আমাকে নতুন জীবন দাও। আমার শেষ জীবনের চাওয়া- জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চাই। দুয়ার উন্মোচিত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য শক্তি প্রয়োজন, নির্ভর করছে তোমাদের ওপর। দলকে শক্তিশালী কর।

দুই বছর পর জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সকাল সোয়া ১০টায় শুরু হয়। দলের চেয়ারম্যান এরশাদ ও জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ সকালে সমাবেশস্থলে এসে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কার্যক্রম শুরু করেন। সমাবেশে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের জন্য কী কী তার একটি সংক্ষিপ্ত তালিকা বক্তব্যে তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

ক্ষমতায় গেলে আমরা প্রাদেশিক সরকার করব। এই সরকার দিয়ে আমরা উপকৃত হইনি… নিষ্পেষিত হয়েছি। এভাবে দেশ চলতে পারে না। তাই প্রাদেশিক সরকার চাই। উপজেলা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে সেখানে ফের গুচ্ছগ্রাম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এরশাদ বলেন, এখন যা আছে, তাতে উপজেলা শাসন করেন ইউএনও। আমরা উপজেলা পরিষদকে শক্তিশালী করব। কারণ আমরা চাই জনগণের নেতা জনগণকে শাসন করবে। ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংরক্ষিত রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমরা ষোল কোটি মানুষ এক এবং অভিন্ন। জাতীয় পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।

এরশাদের মামলা প্রত্যাহার

সমাবেশে এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে বলে ফের আশ্বাস দেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। বক্তব্য দিতে উঠে নেতা- কর্মীদের দাবির মুখে তিনি বলেন, আমিও চাই মামলাগুলো প্রত্যাহার হোক। আপনারা চিন্তা করবেন না। মামলা প্রত্যাহার হবে। ইতিমধ্যে আমি কথা বলেছি…কাজ করছি।

তারপরও নেতা-কর্মীরা মামলা প্রত্যাহার নিয়ে স্লোগান দিতে থাকলে দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী মাইকের সামনে এসে বলেন, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, আমাদের পল্লীমাতা রওশন এরশাদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্যারের মামলা প্রত্যাহার হবে।

এ সময় রওশন বলেন, আমাকে বলতে দেন….আমি বলেছি মামলা প্রত্যাহার হবে। তবে তার জন্য পার্টিকে শক্তিশালী করতে হবে।

সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, সালমা ইসলাম, সাহিদুর রহমান টেপা, সৈয়দ আবু হোসেন বাবলা, খালেদ আখতার ও ফখরুল ইমাম সমাবেশে উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   3   =