নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লঞ্চ-জাহাজ দুটিই বেপরোয়া গতিতে চলছিল : তদন্ত কমিটি

লঞ্চ-জাহাজ দুটিই বেপরোয়া গতিতে চলছিল : তদন্ত কমিটি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এবং ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চের দুই চালকই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী। ২১শে মার্চ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ চডুবির ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসকল কথা বলেন।

শামীম বেপারী বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি দুই জনই বেপরোয়া গতির চালক ছিলেন (বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন)। আমরা ঘটনা পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে পারবো। আশা করি এবার আমরা জোরালো পদক্ষেপ নিতে পারবো।

এরআগে ২০শে মার্চ রবিবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজ এমভি রূপসী ৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়।

এ ঘটনায় রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে নিহত প্রত্যেকের মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

About the author

SOFT PRO IT