জাতীয় নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাব সদর দপ্তরে পরীমণি, চলছে জিজ্ঞাসাবাদ

র‌্যাব সদর দপ্তরে পরীমণি, চলছে জিজ্ঞাসাবাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) :  রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, আইস, এলএসডিসহ আটক নায়িকা পরীমণিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

আজ ৪ঠা আগস্ট বুধবার রাত ৮টা ১০ মিনিটে পরীমণিকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদর দপ্তরের দিকে নিয়ে যাওয়া হয়। ৮টা ৪৫ মিনিটে ওই গাড়ি কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে পৌঁছায়।

বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদেরকে জানান, রাতে র‌্যাব সদর দপ্তরেই থাকবেন পরীমণি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আগামীকাল আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বিকাল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আলোচিত এ নায়িকার বাসায় অভিযান শুরু করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। পরে তাকে আটক করা হয়।

অভিযানে থাকা র‌্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পরীমণির বাসার যাবতীয় আসবাবে থরে থরে সাজানো বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র‌্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজ ভর্তি ছিল নামি-দামি ব্র‌্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবাও।

এমনকি সেখানে ভয়ঙ্কর মাদক এলএসডি-আইসও পাওয়া গেছে। সম্প্রতি এ মাদক কারবারে কয়েকটি চক্র ও উচ্চবিত্ত ঘরের কিছু তরুণ গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যেই এ ধরনের মাদক সেবনের প্রবণতা বেশি।

পরীমণি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল পরিমাণ মাদক ও ইয়াবা পাওয়া গেছে।

সুত্র : জাগো নিউজ।

About the author

SOFT PRO IT