নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জাতিসংঘে শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় রোহিঙ্গা সংকট সমাধানে ৩ দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সোমবার রাতে জাতিসংঘ সদর দপ্তরে দ্যা গ্লোবাল কমপেক্ট অন রিফিউজি শীর্ষক আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন তিনি।
স্থানীয় সময় সোমবার মাদক সংকটসহ চলতি জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ৫ দফা সুপারিশ পেশ করেন তিনি। বিশ্ব সম্প্রদায়ের সব থেকে বড় ফোরাম জাতিসংঘের ৭৩তম অধিবেশন তাই গোটা বিশ্বের দৃষ্টি এখন নিউইয়র্কে।
বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় সংস্থাটির প্রধান কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদক সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন তিনি।
বাংলাদেশ সময় রাত ৮টায় সংস্থাটির অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ক বিভাগে শরণার্থী বিষয়ক আরেক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার থেকে ভয়াবহ নির্যাতনের মুখে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সাধারণ প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান দেয়ার চেষ্টা করছি আমরা। আমরা ৬ একর জমিতে রোহিঙ্গাদের আলাদা করে থাকার জায়গা করে দিয়েছি। সেখানে তাদের সামাজিক, অর্থনৈতিক সাহায্য করে থাকি।
শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট ৩টি সুপারিশ তুলে ধরেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের বৈষম্যমূলক আইন ও নীতির বিলোপ, মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও নিশ্চয়তা পাবার মত পরিবেশ সৃষ্টিসহ জাতিসংঘের স্বাধীন কমিশনের প্রতিবেদনের আলোকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো অপরাধের বিচার দাবি করেন তিনি। আর এ জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা।
তিনি এসময় বলেন, বেশিরভাগ রিফিউজিদের রাখা দেশগুলো তাদের নিজস্ব চ্যালেঞ্জে চলে।
বাংলাদেশ সময় মধ্যরাতে নেলসন মেন্ডেলা পিস সামিট নামে হাই লেভেল প্লেনারি সামিটে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জাতি, ধর্ম ও বর্ণবাদের কারণে বিশ্বব্যাপী আজও শান্তি প্রতিষ্ঠা চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউএস চেম্বার অব কর্মাসের সঙ্গে গোল টেবিল বৈঠকসহ বিভিন্ন সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

