বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আম পাড়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪

বন্দরে আম পাড়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল হোসেন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া নিহতের স্ত্রী তাসলিমা বেগম (৪৫) মেয়ে ডালিয়া (২৫) জামাতা রুবেল (৩০) ও নাতনি হাফছা (৪) আহত হয়েছেন। শনিবার (১১ মে) সকাল ৯ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নর্পদীস্থ বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ১টি দা ও ২টি লাঠি উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এ ব্যাপারে নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে ঘটনার দুপুরে ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের স্ত্রী তাসিলিমা বেগম জানান, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে আমার বড় দুইভাই মোস্তফা মিয়া ও মোজাম্মেল ওরফে বাবুসহ তার পরিবারের সাথে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই মোস্তফা সাথে আমাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমার ভাই মোস্তফা ও তার স্ত্রী মহাসেনা বেগম, সন্ত্রাসী ছেলে মোজাম্মেল হোসেন বাবু এবং মেয়ে সোহাগী আক্তার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।

তারা আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমি ও আমার মেয়ে ডালিয়া ও জামাতা রুবেল বাধা দিলে তারা আমাদের উপরও আক্রমন করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই আমার স্বামী মারা যান।

পুরো বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত দিনমজুর আবুল হোসেন তাঁর শ্বশুর বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন। শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে তাদের পুরো পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। আজ গাছ থেকে আম পাড়াকে ইস্যু করে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

About the author

SOFT PRO IT