নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : আগামী ১৬ জুলাই শনিবার অনুষ্ঠেয় সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়স্থ শতবর্ষী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছে জেলার বিজ্ঞ সোনারগাঁও সহকারী জজের আদালত। নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যায়, ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা থাকলেও অত্র নির্বাচনে অত্র স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক ভোট প্রয়োগ করতে পারবে না এমন আইন করা হয়েছে বলে অত্র উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের বরাত দিয়ে জানানো হলে পরবর্তীতে অত্র স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম দেওয়ানী কার্য্যবিধি আইনের ৯ তফসিলের (এক) পরিশিষ্ট ৮ রুলে ১৪ জুলাই বৃহস্পতিবার ১১৮নং দেওয়ানী মামলাটি করেন।তাছাড়া ম্যানেজিং কমিটির নির্বাচন বিষয়ক আইনে দেশের সর্বত্র প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দেয়ার ক্ষমতা বলবৎ আছে বলে জানতে পেরে বৃহস্পতিবার এ মামলাটি করেন তিনি। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার পরবর্তী নির্দেশ ছাড়া অত্র নির্বাচন স্থগিত করেন জেলার বিজ্ঞ সোনারগাঁও সহকারী জজের আদালত।
উল্লেখ্য অত্র নির্বাচনে অত্র ইউপি চেয়ারম্যান ও স্কুলের সাবেক সভাপতি আঃ রশিদ মোল্লার নেতৃত্বে আ:লীগ সমর্থিত একটি প্যানেল ও বর্তমান সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের নেতৃত্বে বিএনপি সমর্থিত অপর একটি প্যানেল প্রতিদ্বন্দিতা করায় স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে আ:লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নেয়ায় শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল সহ সকল সচেতন নাগরিক সমাজ।

