নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশ প্রহরী নিহত

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশ প্রহরী মো. ভাসান মালতি (৫০) নিহত হয়েছেন। ১৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ভাসান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলত খালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়াবাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পড়ে গিয়েও নৈশ প্রহরী মো. ভাসান মালতি তার হাতে থাকা বাঁশিতে ফুঁ দিতে থাকেন। বাঁশির আওয়াজে লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার বুকে পিঠে আঘাত করেছে।

ভাসানের ছেলে রানা ভাসান জানান, তার বাবা মাত্র কয়েকদিন হলো এখানে চাকরি নিয়েছিল। সকালে শুনতে পান তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখেন তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, নৈশ প্রহরী মো. ভাসান মালতি (৫০) হত্যার ঘটনায় আমরা কাজ শুরু করেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল করেছি। তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT