নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের যতগুলো পুরনো স্কুল আছে তার মধ্যে অন্যতম এই বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয় । আজ আমি এই স্কুলের শিক্ষার্থীদের মেধা দেখে বিস্মিত হয়ে গিয়েছি। স্কুলের অনুষ্ঠানে আমি সাধারনত বক্তব্য রাখিনা শুনতে পছন্দ করি। আর আজ এই স্কুলের শিক্ষার্থীদের কথা শুনে আমি অবাক তাদের চিন্তা চেতনা এতোটা দূর র্পযন্ত কাজ করে তা আমি অন্যান্য স্কুলগুলিতে দেখিনি। তাই তারা মেধায় প্রমান করে জেলার মধ্যে সর্বোচ্চ পুরস্কার অর্জন করছে। যা শুধু তাদের জন্য নয় স্কুলের জন্যেও সুনাম বয়ে এনেছে। আমি ধন্যবাদ জানাই এই স্কুলের শিক্ষক ও যারা এই স্কুলের দায়িত্বে আছে তাদেরকে। আজ থেকে এই স্কুলের দায়িত্ব শূধু আপনাদেরই না, আমারও। তাই এই স্কুলের জন্য সার্বিক সহযোগিতা আমি করব ইনশাল্লাহ। শনিবার ৩০ জুলাই দুপুরে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেদেরকে শুধু মেযে ভাবলে চলবেনা এর আগে মনে করতে রাখতে হবে তোমরা কিন্তু শ্রেষ্ঠ জীব মানুষ। যতদিন নিজেকে শুধু মেয়ে ভাববে বাধার সম্মুক্ষিন হলে সামনে এগিয়ে তার সমাধান পাবে না। আর যদি তোমরা নিজেদের মেয়ে না ভেবে প্রথমত মানুষ হিসেবে নিজেকে গন্য কর তাহলে আর কোন সমস্যার সম্মুক্ষীণ হতে হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীও একজন মেয়ে। কিন্তু সে নিজেকে মানুষ করে গড়ে তুলেছে। তিনি তার পরিবারের সকল সদস্যদের হারিয়েও বাংলাদেশকে বিশ্বের বুকে এক উজ্জল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করিয়েছে। তোমরাই ভবিষ্যতে এ দেশকে পরিচালিত করবে। তোমরা অনেক ভাগ্যবান কারন অনেক শিশু আছে যারা ঠিকমত পড়ালেখা করতে পারেনা। তাই তোমাদেরকে আমি বলবো মন দিয়ে পড়ালেখা করো। তোমরা সচেতন হও এবং ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোল। রাস্তাঘাটে মেয়েদের একা চলতে গেলে নানা সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে
হয়। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই নিজের মনকে স্থির করে সাহসিকতার সাথে বিপদের মোকাবেলা করতে হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আজ আমি অনেক আনন্দিত কারন আমার স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখা, খেলাধুলা সর্বপরি সচেতনতা সবদিক থেকে তারা এগিয়ে। তাই সাংসদ শামীম ওসমানের কাছে আমার অনুরোধ শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে তাদের জন্য কম্পিউটার এবং নতুন ভবন করার ব্যবস্থা করে দিবেন।
এ সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নতুন ভবন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার দেবার ঘোষনা দেন। এছাড়াও এ স্কুলের ভবনগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই নতুন করে ভবনের কাজ করা হবে। এবং যদি সম্ভব হয় তাহলে চলতি বছরের মধ্যে এ স্কুলের কাজ শুরু
করবে বলে সকলকে আশ্বস্ত করে। অতিথিদের বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আমল খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল হুদা, বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যালয়ের দাতা সদস্য আলীনূর মিয়া, খালেদুজ্জামান ভূইয়া, মো জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান, মঈনুল হোসেন, মোঃ নাজির হোসেন, বাবু নিমাই দে, লাভলী আক্তার, রহিমা বেগম প্রমূখ।

