অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মুন্সীগঞ্জের গজারিয়ায় পাষণ্ড স্বামীর বিরুদ্ধে নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত নববধূ সোহানা আক্তার কলিমউল্লাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। বুধবার (১২ জুন) আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে সদ্য বিবাহিত স্ত্রী সোহানা আক্তারকে (১৭) তার স্বামী সাইদুল ইসলাম (২৩) গলা টিপে হত্যা করেছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে চর বাউশিয়া বড়কান্দি গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সোহানা আক্তারে চাচা আলী আহম্মদ জানান, গত ২৯ মার্চ একই ইউনিয়নের পুরান বাউশিয়া নয়াকান্দি গ্রামের মো. আজিজ মিয়ার ছেলে সাইদুল ইসলামের সঙ্গে আমার বড় ভাইয়ের মেয়ে সোহানার বিবাহ হয়। বিয়ের সময় নগদ দেড় লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার দেওয়া হয়। পরে জানা যায় সাইদুল মাদকআসক্ত। বিবাহের পর থেকে নেশার টাকার জন্য বার বার আমার ভাতিজি সোহানা আক্তারকে নির্যাতন করতে থাকে।

গত এক সপ্তাহ আগে সোহানা বাপের বাড়িতে চলে আসে। এরপর বুধবার সকালে সোহানার কাছে নেশার জন্য টাকা চায় স্বামী সাইদুল। টাকা দিতে অসম্মতি জানালে সোহানাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে ঘরের দরজা শিকল আটকে দিয়ে পালিয়ে যায়। এ সময় সোহানাদের বাড়িতে কেউ ছিল না।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ জানান, ১ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচণার দায়ে স্বামী সাইদুলকে আসামি করে বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT