রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ত্রিশ হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে মন্ত্রী গাজী

ত্রিশ হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে  যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমেবেশে বিশাল ও বর্ণাঢ্য এক মিছিল নিয়ে যোগ দেন গাজীর নেতৃত্বে আসা নেতাকর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কণ্ঠে -গাজী গাজী স্লোগানে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।

এর আগে, সকাল ১১ টার পর থেকেই রাজধানীর মহানগর নাট্যমঞ্চ এলাকায় রূপগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা জড়ো হতো থাকেন। দেড়টায় মহানগর নাট্যমঞ্চ থেকে মিছিলসহ আসেন গোলাম দস্তগীর গাজী ও গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ সময় বলেন, বিএনপির নৈরাজ্য রুখে দিতে আমরা রূপগঞ্জ থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে এসেছি। আমরা উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশ এগিয়ে আছে।

মন্ত্রী বলেন, আজ বাংলাদেশ বঙ্গবন্ধু টানেলের যুগে প্রবেশ করেছে। সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।

About the author

SOFT PRO IT