বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারাবির জামাত নিয়ে দুই কাউন্সিলরের সংঘর্ষ

তারাবির জামাত নিয়ে দুই কাউন্সিলরের সংঘর্ষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭নং ওয়ার্ডে একটি মহিলা মাদ্রাসায় নারীদের তারাবি নামাজে পুরুষের ইমামতি নিয়ে সেখানকার দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে হামলা, সংঘর্ষ ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বন্দরের কুড়িপাড়া এলাকায় রোববার (১২ মে) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ জন।

আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের ছেলে শাহজাদা, বিজয়, সবুজ, নাদিম, বিলাত আলীর ছেলে হান্নান ও হান্নানের ছেলে কাওসার।

বন্দরের কুড়িপাড়া এলাকার জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসায় পুরুষ ইমামের ইমামতিতে নারীদের জামাতে তারাবি নামাজ আদায় এবং স্থানীয় খোদাইবাড়ি মসজিদে ইমাম নিয়োগ নিয়ে এলাকাবাসীর দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি নিয়ে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল গ্রুপ ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম গ্রুপে বিভক্ত হয়ে পড়ে এলাকাবাসী। রোববার রাতে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের সমর্থকরা বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের সমর্থকদের ওপর হামলা চালায়।

নাসিক ২৭নং কাউন্সিলর কামরুজ্জামান বাবুল বলেন, মাদ্রাসায় একজন হাফেজ মহিলাদের তারাবি পড়ান। এতে বাধা দেন ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম। তিনি মোবাইল ফোনে হুমকি দিয়ে মহিলাদের তারাবি নামাজ বন্ধ করে দেন। প্রতিবাদ করায় সিরাজের লোকেরা রোববার রাতে হামলা চালায়। রাতে সিরাজুল ইসলামের বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে ব্যাপক হামলার প্রস্তুতি নেয়া হয়। পুলিশ এসে তৌহিদি জনতাকে নিবৃত্ত করে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বন্দরের কুড়িপাড়া খোদাইবাড়ি মসজিদ কমিটি নিয়ে দুই কাউন্সিলরের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে বলে এলাকাবাসী জানিয়েছে।

About the author

SOFT PRO IT