নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় ২২ আসামির জামিন

মসজিদে এসি বিস্ফোরণ : তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু ও আরো ৩ জন আহতের ঘটনার মামলায় চার্জশীটভুক্ত ২৯ জন আসামির মধ্যে ২২জন আসামির ১ মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। ১৭ জানুয়ারি  রবিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে আসামিরা আত্নসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে ১ মাসের জামিন মঞ্জুর করেছেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন : রিমেল, বশির আহমেদ হৃদয়, মো. কাইউম, মো. আসলাম আলী, মো. স্বপন মিয়া, মো. মনিরুল, আঃ মালেক, আবুল কাশেম, নাজির হোসেন, নেওয়াজ মিয়া, মো. সিরাজ হাওলাদার, মাওঃ মো. আল আমিন, আলমগীর শিকদার, মো. আল আমিন, তানভীর আহমেদ, নাঈম সরদার, মফিজুল ইসলাম উজ্জ্বল, জাহাঙ্গীর আলম, আশিম উদ্দিন, শওকত, শামসুদ্দিন সরদার, শামসু সর্দার ।

তবে মামলায় প্রধান আসামি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়া চার্জশিট দাখিলের আগে থেকেই জামিনে ছিলেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর প্রায় চার মাস তদন্ত শেষে নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে (৬০) প্রধান আসামি করে ২৯ বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল। তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। তবে চার্জশিট থেকে সাময়িক বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাস বিভাগ থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে। জামিনের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলায় ২২ আসামির ১ মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে স্পার্ক ও অবৈধ গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মিশ্রনে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। এই বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক দুই জন রয়েছেন।

About the author

SOFT PRO IT