ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খানপুর হাসপাতালে গার্মেন্ট কর্মকর্তা শুভ্রর লাশ ফেলে ২ যুবক উধাও

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র (৩০) নামে এক গার্মেন্ট কর্মকর্তার লাশ হাসপাতালে ফেলে দুই যুবক পালিয়ে গেছে। ১৫ই আগস্ট মঙ্গলবার রাতে ওই কর্মকর্তার লাশ ফতুল্লার মাসদাইর এলাকা থেকে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে ওই যুবকরা। নিহত সাখাওয়াত হোসেন শুভ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার পলাশপুর গ্রামের শাহাদাৎ শিকদারের ছেলে। তিনি ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার মাইকেলের বাড়িতে ভাড়া থাকতেন এবং কাশিপুর প্লামি ফ্যাশনের মার্চেন্ডাইজার পদে চাকুরী করতেন।

খানপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল মান্নান জানান, শুভকে এনে দুই যুবক হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জরুরি বিভাগে কর্মরতরা হাসান মাহমুদ মিলনের নাম ঠিকানা লিপিবদ্ধ করে। নিহতের থুতনীর নিচে ও মাথায় ধারালো অস্ত্রের জখম এবং গলায় শ্বাসরোধের চিহ্ন দেখা গেছে।

ফতুল্লার তল্লা এলাকার বাসিন্দা মিলন হাসপাতালের জরুরি বিভাগের কর্মরতদের জানিয়েছেন, শুভ মাসদাইর তালা ফ্যাক্টরির মোড়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে জখম হলে তারা হাসপাতালে নিয়ে আসেন।এরপর হাসপাতাল কর্মীদের চোখ ফাঁকি দিয়ে ওই দুই যুবক কৌশলে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহজালাল জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে হাসান মাহমুদ মিলন ও তার এক সহযোগী শুভর লাশ নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুভকে হত্যা করা হয়েছে। তবে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

About the author

SOFT PRO IT