নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অভিনব কৌশলে যাত্রীদের জিনিসপত্র চুরি, সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ৩

অভিনব কৌশলে যাত্রীদের জিনিসপত্র চুরি, সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরাই চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই জুন সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. ইমরান ইসলাম (২১), মো. শাকিল হোসেন (২২) ও মো. অমিত হাসান (১৮)। অভিযানকালে বিভিন্ন মডেলের ৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

১৪ই জুন সোমবার রাত দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর  অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি সংঘবদ্ধ চোরাই চক্রের কয়েকজন সক্রিয় সদস্য বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণপরিবহনে চলাচলরত সাধারণ যাত্রীদের নিকট হতে অভিনব কৌশলে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন গুরত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে আসছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া বিভিন্ন এলাকা হতে আগত গণপরিবহন চিটাগাং রোড এলাকায় যাত্রী উাঠানামার জন্য দাঁড়ালে এই চোরাই চক্রের সদস্যরা কৌশলে থামানো গাড়ীর আশেপাশে অবস্থান করতে থাকে। এই চোরাই চক্রের সদস্যরা বাসের জানালার পাশে বসে মোবাইলে কথা বলা যাত্রীদের টার্গেট করে থাকে। মোবাইল ফোনে কথা বলতে থাকা যাত্রী কিছু বুঝে উঠার আগে ওৎ পেতে থাকা চোরাই চক্রের সদস্যরা এক ঝটকায় মোবাইল চুরি করে নিয়ে চোখের পলকে দৌড়ে পালিয়ে যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য। পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চিটাগাং রোড এলাকায় তারা অভিনব কৌশলে গণপরিবহনে চলাচলরত সাধারণ যাত্রীদের নিকট হতে মোবাইল, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে আসছে। এই ধরনের সংঘবদ্ধ চোরাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT