জাতীয় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভীকে জেতাতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার প্রধানমন্ত্রীর নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আ.লীগের “ নৌকা ” পেল আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ই ডিসেম্বর সোমবার দুপুরে নাসিক নির্বাচনের দলীয় সমন্বয়ক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ফোনে যুক্ত হয়ে শেখ হাসিনা এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রার্থী অনেকেই আছেন, কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে, তাই আমরা আইভীকে দিয়েছি। আইভী নৌকার প্রার্থী, সবাই নৌকার বিজয়ে কাজ করবেন, এটাই আমি চাই।

এ সময় জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। পরে আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতাকর্মীদের দেখতে চান। এরপর তিনি ভিডিও কল দিয়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। হয়তো কারো পছন্দ আছে, কারো পছন্দ নাই, এ রকম থাকতে পারে, কিন্তু একজনই তো নমিনেশন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি। সবাই নৌকার পক্ষ কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে। এ সময় শেখ হাসিনার পাশে থাকা তাঁর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান। এ বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছোট আপা সবাইকে মাস্ক পরে থাকতে বলেছেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশ্বর্বর্তী নতুন ভবনে প্যান্ডেল করে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভা চলছিল। সেখানেই এক পর্যায়ে জাহাঙ্গীর কবির নানকের মোবাইলে কল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে যৌথ সভা শুরু হয়। সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাঁদের মতামত তুলে ধরেন। সভা পরিচালনা করেন নাসিক নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত সদস্যসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, শাহাবুদ্দিন ফরাজী, এ বি এম রিয়াজুল কবির কাওসারসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী মঞ্চে উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT