নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সার্ভিসিং এর দোকানের আড়ালে অশ্লীল ছবি সরবরাহ

সার্ভিসিং এর দোকানের আড়ালে অশ্লীল ছবি সরবরাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে ৩ অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানাধীন নয়াপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন : মো. জাকির হোসেন (৩২), মো. আনোয়ার হোসেন (২৬) এবং খোকন মোল্লা (২৬)। এ সময় গ্রেফতারকৃত অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ১টি হার্ডডিস্ক এবং ৬টি কার্ড রিডার জব্দ করে র‌্যাব।

আজ ১০ই ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সোনারগাঁ থানাধীন নয়াপুর বাজার এলাকায় আনোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল বলে জানান তিনি।

তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ী চক্রটি টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধ:পতনের হাত থেকে বাঁচাতে অশ্লীল ছবি ও পর্ণ ভিডিও সরবরাহকারী অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব ১১ এর এএসপি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT