নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেফতার

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. জহুরুল ইসলাম (৩২) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রূপসী এলাকার স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় তাকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের নিকট হতে অন্য ডাক্তারের নাম ব্যবহার করা ১টি প্রেসক্রিপশন (যেখানে ডা. বি এম কর্মকার এর ভুয়া সীল ও স্বাক্ষর করা), রোগী দেখার ১টি স্টেথিস্কোপ, ১টি স্পেনোমিটার ও ৩টি ভুয়া সীল জব্দ করে র‌্যাব। ভুয়া ডাক্তার মো. জহুরুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার বনবীর বালা এলাকার শাজাহান আলীর ছেলে।

৫ই আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, দীর্ঘদিন ধরে মো. জহুরুল ইসলাম নিজেকে চর্ম-যৌন, মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তার ব্যবহৃত সিলে নিজেকে ডা. মো. জহুরুল ইসলাম, ডি.এম.এফ (ঢাকা), বি.এইচ.এস (স্বাস্থ্য) ও উপসহকারী (কো.) মেডিকেল অফিসার উল্লেখ করতেন।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, অভিযানে তার কাছে নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেননি। এ সময় তার কাছ থেকে রোগী দেখার একটি স্টেথোস্কোপ, একটি স্পেরোমিটার ও তিনটি ভুয়া সিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT