নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ ট্রাজেডি : দোষীদের শাস্তির দাবি জানালো গার্মেন্ট শ্রমিক

রূপগঞ্জ ট্রাজেডি : দোষীদের শাস্তির দাবি জানালো গার্মেন্ট শ্রমিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে বিচার করা, আহত শ্রমিকের সুচিকিৎসা দেয়াসহ নিহত শ্রমিকের সারাজীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ ৯ই জুলাই শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এই দাবি জানান।

নেতৃবৃন্দ সেজান জুস কারখানার অগ্নিকান্ডে শ্রমিক নিহত আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও শ্রমিক পরিবারের সহিত সমবেদনা প্রকাশ করে বলেন, কারখানা এলাকায় প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় আগুন লাগার পর শ্রমিকরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কারখানা থেকে বাহিরে বেরিয়ে আসতে শুরু করলে কর্তৃপক্ষ মূল ফটক তালাবদ্ধ করে দেয়। ফলে শ্রমিকরা বের হতে পারেনি। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ও আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা বাঁচার চেষ্টায় কালো ধোঁয়ার অন্ধকারের মধ্যে দিকবিদিক ছুটাছুটি করে আগুনে দগ্ধ হয়ে আহত-নিহত হয়েছে। আবার কেউ দৌড়ে ছাদে গিয়ে অবস্থান নেয়। কেউ ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ও আহত-নিহত হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা অবহেলা ও গাফিলতির কারণে এই ভয়াবহ অগ্নিকান্ডে শ্রমিক হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ক্ষতিয়ে দেখে দায়ীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে নেতৃবৃন্দ আহতদের সুচিকিৎসা দেয়া ও নিহত শ্রমিকের পরিবারকে তার সারাজীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানসহ পুর্নবাসন করার দাবি জানান।

About the author

SOFT PRO IT