বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে বন্দরে স্কুল ছাত্র জখম

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে বন্দরে স্কুল ছাত্র জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি থেকে ডেকে নিয়ে নাঈম (১৮) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাং লিডার আল রাব্বি ও তার সাঙ্গপাঙ্গরা। গত ১৮ই জুন শুক্রবার আনুমানিক রাত ৮টায় নাসিক ২২ নং ওয়ার্ডে খানবাড়ি এলাকার কুতুব উদ্দিন খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত নাঈম নাসিক এর ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার তাওলাদ মিয়ার ছেলে।

জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে বন্দর রাজবাড়ি এলাকার কিশোর গ্যাং লিডার আল-রাব্বি ও একরামপুর এলাকার বারেক মিয়ার ছেলে লিমনের সাথে নাঈমের বিরোধ চলছিলো। এরই জের ধরে ঐ দিন সন্ধ্যার পর লিমন তাকে বাড়ির সামনের রাস্তা হতে ডেকে নিয়ে  ঘটনাস্থলে যায়। এ সময় আল-রাব্বির নেতৃত্বে ১০-১২ জন কিশোর মিলে নাঈমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত, কবজি, পিঠ, পা, হাতের তালুসহ বিভিন্ন স্থানে জখম করে এবং পিটিয়ে বাম হাত ভেঙে দেয়। পরক্ষণে নাঈমের ডাক-চিৎকারের স্থানীয়রা এগিয়ে এলে  সন্ত্রাসী হুমকি ধামকি দিয়ে সটকে পড়ে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নাঈমের মা জানান, নাঈমকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছিলেন। সেখানে চিকিৎসকেরা তাঁর কাটা-ছেঁড়া সেলাই করে দেন। এরপর বাম হাতের ভাঙা কয়েকদিন পর অস্ত্রোপচার করার কথা জানিয়ে তাঁদের আপাতত বাড়িতে ফিরে যেতে বলেন। এরপর ছেলেকে নিয়ে তাঁরা বাড়ি ফিরে আসেন। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT